kolkata

3 years ago

Suvendu Adhikari : কুলপিতে শুভেন্দুর সভার মঞ্চ তৈরিতে বাধা, শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার লাইট হাউসের মাঠে হচ্ছে কর্মসূচি

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কুলপি, ২ ডিসেম্বর : পঞ্চায়েত নির্বাচনের আগে দেরিয়াতে ৩ ডিসেম্বর জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার আগে বৃহস্পতিবার জনসভার মঞ্চ তৈরির কাজ শুরু করেছিল বিজেপি। কিন্তু বিজেপির সেই মঞ্চ বাঁধার কাজে প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যথাযথ অনুমতি থাকলেও সেই কাজ করতে দেওয়া হচ্ছে না বলেই দাবি বিজেপির। ইতিমধ্যেই জনসভা করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠেও জনসভা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানায় বিজেপি। অবশেষে সেই আবেদন মঞ্জুর হতেই শুক্রবার সকাল থেকে সেখানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে।

বিজেপির অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা করার কথা ছিল অভিষেকের গড় ডায়মন্ড হারবার লোকসভা এলাকায়। কিন্তু জনসভা করার জন্য সেখানে কোনও মাঠের অনুমতি পাননি তারা। তাই ডায়মন্ড হারবার লোকসভা এলাকার সংলগ্ন এলাকা কুলপির দেরিয়াতে ৩ ডিসেম্বর বিরোধী দলনেতা জনসভা করার সিদ্ধান্ত নেন বিজেপি নেতৃত্ব। সেই মতো প্রশাসনের কাছ থেকে অনুমতি নেন তাঁরা। বৃহস্পতিবার থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হলেও, প্রশাসনের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ।

পাশাপাশি ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠেও সভা করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন বিজেপি নেতৃত্ব। সেই চেষ্টা সফল হয়েছে। অনুমতি মিলেছে এই মাঠে সভা করার। শুক্রবার সকাল থেকেই তাই ডায়মন্ড হারবার লাইট হাউসের মাঠে সভা মঞ্চ তৈরি কাজ শুরু করেছে বিজেপি। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা হবে এই ডায়মন্ডহারবার লাইটহাউসের মাঠে। বিজেপির পক্ষ থেকে সেই মর্মে অনুমতি চেয়ে আবেদন করা হয় লাইট হাউস মাঠের কর্তৃপক্ষের কাছে এবং মাঠ কর্তৃপক্ষের থেকে অনুমতি পায় বিজেপি। গত বিধানসভা নির্বাচনের আগে এই লাইটহাউসের মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবারও শেষ পর্যন্ত সেই মাঠ বিরোধী দলনেতার জনসভার জন্য বেছে নিল বিজেপি নেতৃত্ব।


You might also like!