
পূর্ব মেদিনীপুর, ২ জানুয়ারি : ডিসেম্বর মাসে তিনটি তারিখ ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইঙ্গিত দিয়েছিলেন এই তারিখ গুলিতে বড় কিছু ঘটবে। কিন্তু, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর কোনও বড় ঘটনা ঘটেনি। এই নিয়ে শুভেন্দুকে একাধিকবার তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সোমবার আরও একবার তৃণমূল সরকারকে উৎখাতের দিনক্ষণ ঘোষণা করলেন শুভেন্দু।
'বড় ডাকাত'-কে এরমধ্যেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু। এমনকী সব গ্রাম থেকে চোরদের তাড়ানোর জন্য বিজেপি কর্মীদের নির্দেশ দিয়েছেন শুভেন্দু। সোমবার তমলুক সাংগঠনিক জেলার ভগবানপুর ১ উত্তর মণ্ডলের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির এই প্রথমসারির নেতা। সেখানে তিনি বলেন, "আমাদের সংকল্পবদ্ধ হতে হবে। মকর সংক্রান্তির আগে পৌষমাস। মলমাস চলে যাওয়ার পর আমরা শুভ কাজে নামব। এই 'তোলামূল পার্টি'-কে গোড়া থেকে উৎখাত করে ফেলতে হবে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি, তুষ্টিকরণ, তোষণের রাজনীতি আমরা খতম করবই।"
