Entertainment

46 minutes ago

Dev’s Festive Surprise: পুজোর বক্স অফিসে দেবের ডবল চমক! ‘দেশু ৭’-এর পর এবার আসছে ‘প্রজাপতি ৩’

Dev
Dev

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডে পুজো মানেই বড় বাজেট, বড় তারকা আর বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইয়ে গত কয়েক বছর ধরে যেন একাই রাজত্ব করছেন সুপারস্টার দেব। তাঁর ছবি মানেই দর্শকদের উন্মাদনা, হলভর্তি ভিড় আর প্রযোজকদের মুখে হাসি। তাই চলতি বছরের পুজোতেও যে দেবই অন্যতম বড় চমক হতে চলেছেন, তা একপ্রকার স্পষ্ট।

কিছুদিন আগেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ‘দেশু ৭’-এর ঘোষণা করেছিলেন দেব। সেই ছবিকে ঘিরে আগ্রহ তুঙ্গে উঠতেই এবার আরও বড় সুখবর দিলেন পরিচালক অভিজিৎ সেন। জানা যাচ্ছে, আগামী পুজোয় ফের বড়পর্দায় ফিরতে চলেছে দেব-মিঠুন চক্রবর্তীর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘প্রজাপতি’। আসছে ‘প্রজাপতি ৩’। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী। তাঁদের সঙ্গে দেখা যায় অভিনেত্রী ইধিকা পালকেও। সেখানেই কথোপকথনের মাঝেই ‘প্রজাপতি’র তৃতীয় ভাগ নিয়ে মুখ খোলেন পরিচালক। হাসিমুখে তিনি জানান, “হ্যাঁ, প্রজাপতি ৩ আসছে, সামনের দুর্গাপুজোয়।”


এরপর থেকেই জল্পনা আরও বেড়েছে। ইধিকা পালের উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে, তবে কি এবারও দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে? যদিও নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ইঙ্গিত কিন্তু বেশ স্পষ্ট। ফলে মনে করা হচ্ছে, শুভশ্রীর পাশাপাশি এবারের পুজোয় ইধিকার সঙ্গেও রোম্যান্স করতে দেখা যেতে পারে দেবকে। অন্যদিকে, বক্স অফিসের খেলায় আগেভাগেই নিজের চাল সাজিয়ে ফেলেছেন সুপারস্টার। চলতি বছরের শুরুতেই ‘দেশু ৭’-এর অগ্রিম বুকিং চালু করে চমক দিয়েছিলেন তিনি। এবার ‘প্রজাপতি ৩’-এর আভাস মিলতেই দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে। সব মিলিয়ে এবারের শারদীয়ায় দেব যে ডবল ধামাকা নিয়ে হাজির হতে চলেছেন, তা বলাই যায়। 

উল্লেখ্য, ‘প্রজাপতি’ ছবির প্রথম দুই পর্বই দর্শকমহলে বিপুল সাড়া ফেলেছিল। বিশেষ করে দেব ও মিঠুন চক্রবর্তীর বাবা-ছেলের সম্পর্কের আবেগঘন রসায়ন দর্শকদের মন কেড়েছিল। সেই সঙ্গে পরিচালক অভিজিৎ সেনের গল্প বলার ধরনও প্রশংসিত হয়েছিল সব মহলে। তাই তৃতীয় পর্ব নিয়েও দর্শকদের প্রত্যাশা এখন থেকেই আকাশছোঁয়া। 


You might also like!