
কলকাতা, ১৮ জুন : আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এবার মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে। মূল অনুষ্ঠান থেকে দেশকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা-সহ পশ্চিমবঙ্গজুড়ে এখন চলছে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি। শিক্ষা প্রতিষ্ঠান-সহ নানা স্থানে চলছে যোগচর্চা। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের থিম ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। একুশের জুনের অপেক্ষা নয়, তার আগে থেকেই বিভিন্ন জেলায় জেলায় চলছে যোগাভ্যাস।
প্রসঙ্গত, ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ২১ জুন দিনটিকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই প্রতি বছর প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটি উদযাপন করেন। গত বছর তিনি ছিলেন বিশাখাপত্তনমে, ২০২৪-এ কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে এবং ২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবস পালন করেছিলেন মোদী। ২০২৬ সালে তাঁর গন্তব্য কলকাতা।
