
হুগলি, ৪ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’কে আটকানোর চেষ্টা করছে ‘ব্রেক ইন্ডিয়া ব্রিগেড’। তা রুখে দেবে ‘আত্মনির্ভর বাংলা’। অশান্তি পীড়িত রিষড়ায় গিয়ে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপাল বলেন, ‘‘গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে এখানে এসেছি। কঠোর পদক্ষেপ করা হবে। আইন দুর্বৃত্তদের হাতে তুলে নিতে দেব না। বাংলার মানুষের অধিকার রয়েছে শান্তিতে থাকার। শান্তি ফেরানো হবে। দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা হবে। সবাইকে এক সঙ্গে এই নৈরাজ্য উৎখাত করতে হবে।’’
রাজ্যপাল বোসের মতে, ‘‘শান্তি প্রতিষ্ঠা হবেই। শান্তি প্রতিষ্ঠা হবেই। অপরাধীরা গরাদের ভিতরে যাবে। বাংলায় দীর্ঘ দিন ধরে রাজনীতির অপরাধীকরণ চলছে। এ বার তার শেষ হওয়া প্রয়োজন।’’ শান্তি প্রতিষ্ঠা করতে সব রকমের পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। অশান্তি পীড়িত এলাকায় গিয়ে বোসের বার্তা, ‘‘নিজেরা বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।’’
