
কলকাতা, ১৬ জুলাই : ক্যানসার আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর দিকে সহযোগিতার হাত বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, বিশ্বনাথ চৌধুরী দীর্ঘদিন ধরেই ভুগছেন কর্কট রোগে। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। কিন্তু হাসপাতালের ব্যয় বহন ক্রমেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশ্বনাথ চৌধুরীর পরিবারের কাছে। এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতেই তড়িঘড়ি তাঁকে এসএসকেএমে ভর্তির উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার রাতে প্রাক্তন মন্ত্রীর অসুস্থতার খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর কাছে। জানা গেছে, মঙ্গলবার এসএসকেএমের সুপারকে তিনি নির্দেশ দেন, বিশ্বনাথকে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে এসএসকেএমে ভর্তি করানো হোক। এসএসকেএমের সুপার মুখ্যমন্ত্রীর নির্দেশ মত যোগাযোগ করেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করেন বিশ্বনাথের দলীয় সহকর্মীদের সঙ্গে। সবটা শোনার পর দলের পক্ষ থেকে এদিন সন্ধ্যার মধ্যেই বিশ্বনাথকে এসএসকেএমে ভর্তি করানো হবে বলে সূত্রের খবর।
