
হুগলি, ৫ এপ্রিল : হিংসাত্মক ঘটনার আতঙ্ক কাটিয়ে এবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে হুগলি জেলার রিষড়া। তবুও চাপা আতঙ্ক এখনও রয়েছে মানুষের মনে, রিষড়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়েছে প্রশাসন। রিষড়ার যে চার নম্বর গেট এলাকায় গত সোমবার রাতে অশান্তি ছড়িয়েছিল, সেখানেও কয়েকটি সব্জি এবং মুদির দোকান বুধবার সকালে খোলা হয়েছে।
বুধবার সকাল থেকেই রিষড়ার বিভিন্ন জায়গায় রাস্তায় বেরোতে দেখা যায় স্থানীয় মানুষজনকে। সকাল থেকে একটা-দু’টো টোটো এবং রিক্সাও চলতে দেখা গিয়েছে রিষড়ার রাস্তায়। তবে প্রশাসনের তরফে ১৪৪ ধারা এখনও প্রত্যাহার করা হয়নি। অশান্তি ছড়িয়ে পড়ার পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। তা-ও এখনও স্বাভাবিক হয়নি। যদিও বুধবার সকালে লোকজন রাস্তায় বেরোলেও কোথাও খুব একটা জমায়েত হতে দেখা যায়নি।
