kolkata

3 years ago

Anubrata Mondal : গরু পাচার মামলায় অনুব্রতর জামিনের আবেদন খারিজ করল হাই কোর্ট

Anubrata Mondal
Anubrata Mondal

 

কলকাতা, ৪ জানুয়ারি  : বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

মঙ্গলবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে হাইকোর্টে পেশ করা হয়। মামলার শুনানিতে অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে সিবিআই। একই সঙ্গে বগটুইকাণ্ডে অনুব্রতর যোগ আছে বলেও অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অনুব্রতর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেন। সেই মামলার রায় ছিল বুধবার। এদিনই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া যাবে না।

সিবিআই বনাম অনুব্রতের আইনজীবীর সওয়াল-জবাবে এদিন রীতিমতো উত্তপ্ত ছিল আদালত কক্ষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে বসেছিল শুনানি। আদালতের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, অনুব্রতর বিরুদ্ধে কোন কোন অভিযোগ রয়েছে, তা জানানোর জন্য।

বুধবার সিবিআই অনুব্রতের জামিনের বিরোধিতা করে। দীর্ঘ সওয়াল-জবাবের পর গরু পাচার মামলায় গ্রেফতার কেষ্টর জামিনের আর্জি খারিজ করে দিল উচ্চ আদালত। তবে, অনুব্রতর জামিন সংক্রান্ত বিষয়ে এদিন প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। অতীতে বার বার সিবিআইয়ের তরফে অনুব্রতকে প্রভাবশালী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এদিনও ফের সেই প্রভাবশালী তত্ত্বকেই হাতিয়ার করে সিবিআই। এদিন আদালতে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল বলেন, ওনাকে প্রভাবশালী বলছে সিবিআই। কিন্তু উনি প্রভাবশালীর মতো কোন কাজটা করেছেন তা বলছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রত ১৪৫ দিন জেলে রয়েছেন। অথচ এই মামলায় এনামুল হক ও অভিযুক্ত বিএসএফ কম্যান্ডান্টকে জামিন দিয়েছে আদালত। তাহলে অনুব্রতকে জামিন দিতে সমস্যা কোথায়?'

বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ বলে, ‘‘তদন্ত যে পর্যায়ে রয়েছে, তা বিবেচনা করে এখনই ওঁর জামিন মঞ্জুর করা হচ্ছে না।’’


You might also like!