
কলকাতা, ৭ ফেব্রুয়ারি : কেন্দ্রের দেওয়া রাজ্যের বরাদ্দ টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে রাজ্যের। এই সংক্রান্ত মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় মঙ্গলবার এই দাবি করেছেন।কেন্দ্রের বরাদ্দ অর্থ নয়ছয় করার অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ক্যাগ রিপোর্টের ওপরে ভিত্তি করে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই ক্যাগ রিপোর্ট এখন বিবেচনার জন্য বিধানসভায় আছে। আর সেই রিপোর্ট পেশ করা হয়েছে গত বছরের ১৭ মার্চ। প্রকল্পের জন্য সমস্ত টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে। তাঁর দাবি, প্রয়োজনে যথা সময়ে সেই সব সার্টিফিকেট পেশ করা হবে।
আগামী ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। আদালতের নির্দেশ, তার আগে রাজ্যকে নিজের বক্তব্যের হলফনামা জমা দিতে হবে। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, যেহেতু ক্যাগ রিপোর্ট বিধানসভায় জমা আছে বিবেচনার জন্য, তাই এই নিয়ে আজ মামলা শুনলে তার বিচার সঠিক হবে না। এখন অপেক্ষা রাজ্যের হলফনামা জমা দেওয়ার দিনের।
