kolkata

3 years ago

Weather Forecast : রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া, শীতের আমেজে বাঙালি

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২০ নভেম্বর  : শীতের দেখা এখনও তেমনভাবে নেই। নভেম্বর মাসেই পারদ নামার গতি কিছুটা হলেও আশা জাগিয়েছিল সাধারণ মানুষের মনে। কিন্তু, জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঠান্ডার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে জমাটি ঠান্ডা।

এদিকে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা পারদ। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। রবিবার সকালের দিকে শীত শীত অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের আকাশ থাকবে মেঘলা। যদিও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন আকাশ থাকবে মূলত শুষ্ক।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শুরু হয়েছে পারদ পতন। পশ্চিমের জেলাগুলিতে একধাক্কায় তাপমাত্রা নেমেছে অনেকটাই। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, আগামী পাঁচ দিন সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই। সকাল এবং রাতের দিকে শীত অনুভূত হবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

You might also like!