
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শুক্রবার সকালে পৌনে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। স্বাভাবিকভাবেই তাঁকে দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হলে সুকৌশলে তা এড়িয়ে যান মন্ত্রী।
তবে তাঁর শারীরিক অসুস্থতার কথা জানান সংবাদমাধ্যমকে। তিনি এদিন জানান, তাঁর ডান হাত ও ডান পায়ে সমস্যা রয়েছে। বলেন, “আমার শরীরটা খুব খারাপ। বাম হাত এবং পা, দুটোয় প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব।” এর পরই গাড়িতে উঠে পড়েন তিনি। এদিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তারির পর থেকে তাঁকে জেরা করছেন ইডির আধিকারিকরা। রহস্যভেদের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
