
কলকাতা, ৩ ফেব্রুয়ারি : “বিজেপি কোনওদিনই মুসলিম বিরোধী নয়, আমি চাই আমার মুসলিম ভাইবোনেরা ভাল থাকুক।” শুক্রবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দেওয়ার আগে এই মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এদিকে ত্রিপুরা ও মেঘালয়েও নির্বাচন। ত্রিপুরা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত সব দলই। রওনা হলেন মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। সেখানে তাঁদের একাধিক কর্মসূচি রয়েছে।
ত্রিপুরা যাওয়ার আগেই মিঠুন চক্রবর্তীর মুখে শোনা গেল মুসলিম সম্প্রদায়ের কথা। বিজেপির নয়া স্ট্র্যাটেজি কি সংখ্যালঘু ভোট নিজেদের দিকে নেওয়া? এই প্রশ্ন করা হলে মিঠুন বলেন, “কেন আবার একথা বলছেন? বিজেপি কবে সংখ্যালঘু বিরোধী ছিল? ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী। এটাকে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি মুসলিম বিরোধী নয়। বাংলার ‘হিন্দুস্থানি মুসলিম’দের কথা আমরা ভাবি। আমি চাই আমার পশ্চিমবঙ্গের মুসলমান ভাইবোনরা ভালো থাকুক।”
