kolkata

2 years ago

Abhishek Banerjee :ইডি-র তলবে যাচ্ছেন না অভিষেক, এক্স-এ জানালেন ২ ও ৩ অক্টোবর দিল্লিতেই থাকব

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর : আগামী ৩ অক্টোবর প্রবর্তন নির্দেশালয় (ইডি)-র তলবে তাঁদের দফতরে যেতে পারবেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ, তখন তিনি দিল্লিতে থাকবেন। শুক্রবার নিজেই এ কথা জানালেন অভিষেক। তাঁর দাবি, ঘোষিত কর্মসূচির ধরে ধরে তাঁকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার এ নিয়ে সমাজমাধ্যমে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন অভিষেক।

শুক্রবার সকালে অভিষেক এক্স মাধ্যমে জানিয়েছেন, ‘‘বাংলাকে বঞ্চনা এবং বাংলার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই সমস্ত বাধা উপেক্ষা করে অব্যাহত থাকবে। বাংলার মানুষের মৌলিক অধিকারের জন্য আমার এই লড়াই পৃথিবীর কোনও শক্তিই দমাতে পারবে না।’’ এর পর অভিষেক লেখেন, ‘‘আমি আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে থাকব বিক্ষোভে যোগ দেওয়ার জন্য। পারলে আমায় আটকান।’’

উল্লেখ্য, লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে ইডি।ঘটনাচক্রে, আগামী ২ এবং ৩ অক্টোবর পশ্চিমবঙ্গের বকেয়া পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কর্মসূচি চলাকালীন অভিষেকের দিল্লিতে থাকার কথা। সেই সময়েই ইডি-র তলব ঘিরে বিতর্ক তৈরি হয়। পাশাপাশি ওই একই মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করা হয়েছে। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সম্পত্তির নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যেতে বলেছে ইডি।


You might also like!