
খেরসন, ১৮ এপ্রিল : আকস্মিক সফরে ইউক্রেনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে খেরসন ও লুহানস্ক অঞ্চলের সামরিক সদর দফতর পরিদর্শন করেছেন পুতিন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয়বারের মত দেশটি সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন দক্ষিণ খেরসন অঞ্চলে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি জাপোরিঝিয়া অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে বিমান বাহিনীর কমান্ডার ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে জানতে চেয়েছেন। পুতিন ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের ন্যাশনাল গার্ড সদর দফতরও পরিদর্শন করেছেন।
ক্রেমলিন এই সফরের একটি ভিডিওও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লুহানস্কে হেলিকপ্টারে কর যাচ্ছিলেন পুতিন। কিন্তু কখন কোন বৈঠক হয়েছে তা জানানো হয়নি। এর আগে রুশ বাহিনীর দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোল পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হেলিকপ্টারে করে পুতিন মারিউপোল যান। শহরের বেশ কয়েকটি এলাকা তিনি ঘুরে দেখেন। এসময় পুতিন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
