
কলকাতা, ৮ জানুয়ারি : ঘনকুয়াশায় ঢাকা পড়েছে ঢাকা বিমানবন্দরে । যার জেরে গতকাল রাত থেকে কলকাতায় আটকে পড়ল বাংলাদেশগামী একাধিক বিমান। পরিস্থিতি উন্নতি হওয়ায় রবিবার সকাল থেকে ফের শুরু হয়েছে উড়ান পরিষেবা। তবে দেরিতে চলছে সব বিমান ।
ঘনকুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়, ঢাকা বিমানবন্দরে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে। তার জেরে গতকাল রাত ১২টার পর থেকে কলকাতা বিমানবন্দরে বাংলাদেশগামী কোনও বিমান ওড়েনি। সকাল ৯টার পর ঢাকাগামী প্রথম বিমান ওড়ে। এর জেরে বাংলাদেশগামী সমস্ত বিমান দেরিতে চলবে বলে জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পারদ উঠলেও শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে বাংলাজুড়ে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নীচে নামতে পারে তাপমাত্রা। আপাতত শীতের স্পেল চলবে আরও সাতদিন। কনকনে ঠান্ডা জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের দু এক জেলায় ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। একই অবস্থা পার্শ্ববর্তী বাংলাদেশের ।
