
পেট্রাপোল, ৩ আগস্ট : ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যাত্রীদের আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। যাত্রী সুবিধার্থে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করল পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র পেট্রাপোল বন্দরে এলপিএআই-এর নতুন কাউন্টারের ফিতে কেটে এই পরিষেবা চালু করেছেন। ভারত থেকে যে সব যাত্রীরা বাংলাদেশে যাবেন তারা এক সপ্তাহ আগে থেকে নিজেদের মোবাইল নম্বর দিয়ে এলপিএআই-এর এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা স্লট বুকিং করতে পারবেন।
প্রতি ঘন্টায় ১০০টি স্লট বুক করা যাবে, প্রাথমিকভাবে একদিনে ১২ ঘন্টায় ১২০০ টি স্লটের ব্যবস্থা রাখা হয়েছে। এই বিষয়ে পেট্রাপোল বন্দরের এলপিএআই ম্যানেজার কমলেশ সাইনি বলেন, যাত্রী সুবিধার্থে স্লট বুকিং সিস্টেম চালু করা হয়েছে। এক যাত্রী এদিন বলেন, এলপিএআই-এর পক্ষ থেকে যে স্লট বুকিং-এর ব্যবস্থা করা হয়েছে তাতে আগামীতে বাংলাদেশের যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে।
