
ঢাকা, ২ মার্চ : দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৮ নিয়ে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে রাজধানী ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর রয়েছে।
এদিকে আবার রাজধানী ছাড়াও কুমিল্লা ও চট্টগ্রামে বাতাসের মান রয়েছে ২৫৭ যা খুবই অস্বাস্থ্যকর। এর আগে ঢাকায় সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৯৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল 'খুব অস্বাস্থ্যকর'।
১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। ইরাকের বাগদাদ ও মিয়ানমারের ইয়াঙ্গুন যথাক্রমে ২৩৮ ও ১৯৩ এর স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে ঢাকা। এর বাতাসের গুণগতমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের ৩টি প্রধান উৎস হল—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা এবং নিয়ম না মেনে প্রতিনিয়ত রাস্তা খোঁড়াখুঁড়ি করা। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ঢাকা বাতাসে দূষিত শহরের তালিকায় রয়েছে।
