
হনলুলু, ১৪ আগস্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত হাওয়াই প্রদেশের মাউইতে জঙ্গলের দাবানল ভয়াবহ আকার ধারণ করছে। এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩। ঘরছাড়া কয়েক হাজার মানুষ।
এটাই এই শতাব্দীর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ দাবানল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, আগুনে পুড়ে যাওয়া মানুষের কাছে এখনও সরকারি সাহায্য পৌঁছায়নি। এতে জনগণ ক্ষুব্ধ। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৩ হয়েছে। এটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেছেন, পশ্চিম মাউইয়ের প্রায় ২,২০০ বাড়ি আগুনে পুড়ে গেছে। মাউইতে বিদ্যুৎ নেই।
তবে টানা পাঁচদিন পর অবশেষে লাহাইয়ানা শহরের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয় প্রশাসনের দাবি। আপাতত শহরের বাসিন্দাদের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
লাহাইয়ানায় ১২ হাজারের বেশি ঘর, হাওয়াইয়ের প্রাক্তন রাজপরিবারের বাড়ি-সহ হোটেল, রেস্টুরেন্ট ভস্মীভূত হয়ে গিয়েছে। এমনকি দেড়শো বছরের পুরানো একটি বটগাছ ছিল, যেটি পুজো করতেন স্থানীয় বাসিন্দারা। সেটিও পুড়ে গিয়েছে। তাই আপাতত শহরের আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক এখনও পিছু ছাড়েনি লাহাইয়ানার বাসিন্দাদের।
