
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রখ্যাত ব্রাজিলিয়ান অভিনেত্রী ক্লডিয়া রাইয়া। চিকিৎসকরা তাঁকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পরে প্রথমে তা তিনি বিশ্বাসই করতে পারেননি। তিনি অন্তঃসত্ত্বা কি না, তা বোঝার জন্য রক্ত পরীক্ষা করাতে বলা হলে প্রথমে তা নিয়ে ঠাট্টাতামাশা করতে শুরু করেন অভিনেত্রী। চিকিৎসককে তিনি বলেন, ‘‘আমার বয়স ৫৫, এই বয়সে কী করে আমি অন্তঃসত্ত্বা হব?’’
তৃতীয় বারের জন্য মা হয়েছেন তিনি, জন্ম দিয়েছেন এক পুত্রসন্তানের, নাম লুকা। ক্লডিয়ার প্রথম সন্তান এনজো, তাঁর বয়স ২৫ বছর আর দ্বিতীয় সন্তান সোফিয়া, তাঁর বয়স ২০। এক সাক্ষাৎকারে ক্লডিয়া বলেন, ‘‘অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদটি পেয়ে আমি ভগবানকে বলি এই বয়সে আমার সঙ্গে এ কী করলে!’’
এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘আমি সাধারণ ভাবে সন্তানধারণ করতে অক্ষম ছিলাম। আমার আগের দুই সন্তানও এসেছে আইভিএফ পদ্ধতির মাধ্যমে। যখন আমি তৃতীয় সন্তান হওয়ার কথা জানতে পারি, তত দিনে আমার মনে হয়েছিল আমার ঋতুবন্ধ হয়ে গিয়েছে। ৫৫ বছর বয়সে স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণ করা আমার কাছে সত্যিই বিস্ময়ের।’’
তবে এমন বিরল নজির একা ক্লাডিয়া যে স্তাপন করেছেন তা নয়, এর আগে ২০২১ সালে, নিউ হ্যাম্পশায়ারের এক শিক্ষক ৫৭ বছর বয়সে সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন। ২০১৯ সালে ৬৭ বছর বয়সি চিনা মহিলার সন্তানধারণের খবরও সংবাদমাধ্যমে চর্চার বিষয় হয়।
