
কাঠমাণ্ডু, ২৩ ডিসেম্বর : কারাবাস ঘুচল বিশ্বের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভরাজের ৷ শুক্রবার সকালে তিনি নেপালের সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে এলেন চার্লস শোভরাজ ৷ সত্তরের দশকের বিখ্যাত 'সারপেন্ট'-এর বয়স এখন ৭৮ ৷ সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেপালের সুপ্রিম কোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দেয় ৷ শুক্রবার সকালে তাঁর স্ত্রী নিহিতা বিশ্বাস বলেন, "নিরাপত্তার কারণে আমরা ওঁকে ফ্রান্সে ওঁর পরিবারের কাছে পাঠানোর বন্দোবস্ত করছি ৷ হৃদপিণ্ডে অস্ত্রোপচারের পর শারীরিক কিছু সমস্যায় ভুগছেন চার্লস শোভরাজ ৷ তাঁর আরও একটা অস্ত্রোপচার প্রয়োজন ৷ তাঁর কাছে এখন স্বাস্থ্য এবং পরিবার আগে৷"
১৯৮৬ সালে বিশ্বের অন্যতম কুখ্যাত কিলার হিসাবে পরিচিত চার্লস শোভরাজ ভারতের রাজধানী দিল্লির তিহার জেল থেকে পালাতে সক্ষম হন। যদিও পরে গোয়ায় ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে। শোভরাজ যিনি ভারতে তার সাজা শেষ করে ১৯৯৭ সালে ফ্রান্সে ফিরে গেলেও ২০০৪ সালে নেপালে দুই আমেরিকান পর্যটককে হত্যার দায়ে চার্লস শোভরাজকে নেপালের সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সম্প্রতি নেপালের সুপ্রিম কোর্ট শোভরাজের বার্ধক্য বিবেচনায় তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মুক্তির ১৫ দিনের মধ্যে তাকে তার দেশ ফ্রান্সে পাঠানোর নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
