
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যখন সমস্ত পৃথিবী হিংসায় উন্মত্ত। ঠিক তখনই এক চরম মানবতার পরিচয় দিলেন আমেরিকার উবের চালক টিম লেটস। লেটসের এই উদারতায় বিস্মিত নাগরিক মহল। হিংসায় উন্মত্ত পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে। কিডনির অসুখে ভুগতে থাকা এক যাত্রীকে নিজের কিডনি দান করলেন তিনি। এমন আশ্চর্য রূপকথার মতো মানবিক নিদর্শনের সন্ধান পেয়ে অভিভূত নেটদুনিয়া। আসল ঘটনা এক বছর আগের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাইরাল হয়।
টিমের গাড়িতে করে ডায়ালিসিসের জন্য যাচ্ছিলেন প্রবীণ বিল সুমিয়েল। গাড়িতে যেতে যেতেই তাঁদের আলাপ হয়। বিলের কষ্ট দেখে হৃদয় আর্দ্র হয় টিমের। সঙ্গে সঙ্গেই তিনি প্রস্তাব দেন, বিলকে নিজের কিডনি দেওয়ার। বলেন, ”ঈশ্বরই আজ আমার গাড়িতে আপনাকে পৌঁছে দিয়েছেন। আপনি আমার নাম ও নম্বরটা নিন। আপনাকে আমিই কিডনি দেব।” এই খবরে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে বিল সুমিয়েল। শুরু হয় দুজনের নিবিড় বন্ধুত্ব। তৎপর দুজনেই যায় চিকিৎসকের কাছে। তারপরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ।
চিকিৎসকেরা একাধিক পরীক্ষা-নিরীক্ষা করে জানায়,দুজনের 'কিডনি' ম্যাচ করেছে। অস্ত্রোপচারও সফল হয়। এরপর কেটে গিয়েছে এক বছর। দেখা গিয়েছে বিল দিব্যি সুস্থ রয়েছেন। এখন আমেরিকাতেই থাকেন বিল। কিন্তু টিন চলে গিয়েছেন জার্মানিতে। তবু যোগাযোগ রয়ে গিয়েছে তাঁদের। বিল জানাচ্ছেন, তাঁর আজীবনের বন্ধুর সঙ্গে যোগাযোগ কোনও ভাবেই কম হতে দিতে রাজি নন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছড়িয়ে পড়তেই অবাক হয়ে যান নেটিজেনরা। হানাহানি ও সংঘর্ষের এই পৃথিবীতে এমন আশ্চর্য সহৃদয়তার খবরে সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই খবর বিশ্ববাসীর কাছে মানবতার একটা বার্তা নিয়ে এসেছে। বিলের দ্বারা হয়তো অনেকে অনুপ্রাণিত হবে। বেঁচে যাবে অনেক প্রাণ।
