
বেলুচিস্তান, ২১ মে : পাকিস্তানের বেলুচিস্তানে সেনা বাহিনীর জওয়ানদের উপর জঙ্গি হামলায় তিন পাক সেনার মৃত্যু হয়েছে। সেনার পাল্টা গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। শনিবার বেলুচিস্তানের জারঘুন এলাকায় একটি সেনা চৌকিতে এই হামলার ঘটনা ঘটেছে। পাক সেনার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কয়লা খনিতে তোলাবাজি ঠেকাতে সম্প্রতি একটি চেক পোস্ট তৈরি করা হয়েছিল। সেই চেকপোস্টে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। সেনার তরফে পাল্টা আঘাত হানা হয়। সেই গুলিযুদ্ধে তিন জওয়ান ও এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।
সেনার তরফে আরও জানানো হয়েছে, জারঘুনের পাহাড়ে একটি সাফাই অভিযান শুরু করা হয়েছে। আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি বলেছিলেন, ‘গত এক বছরে ৪৩৬টি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৯৩ জন নিহত এবং ৫২১ জন আহত হয়েছেন।’ তিনি আরও বলেছিলেন, চলতি বছরে সন্ত্রাসবিরোধী অভিযানে সামগ্রিকভাবে ১৩৭ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন।
