Game

3 years ago

Ronaldo and Georgina:রোনাল্ডো সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন নিয়ে মুখ খুললেন জর্জিনা

Ronaldo and Georgina
Ronaldo and Georgina

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজর্জিনা রদ্রিগেজ আলোচনায় থাকার জন্য এক ক্রিস্টিয়ানো রোনাল্ডোই যথেষ্ট। তিনি ৫ বারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ তারকার সঙ্গী, সন্তানের মা–ও। ব্যক্তিগতভাবে পেশাগত জীবনে একজন মডেল ও সামাজিক যোগাযোগামধ্যম ইনফ্লুয়েন্সার।

সব সময় পাদপ্রদীপের আলোয় থাকা জর্জিনাকে ঘিরে কিছুদিন পরপরই নানা খবর আসে। কিছুদিন আগে যেমন খবর এসেছিল, রোনাল্ডো তাঁর সঙ্গে সুখী নন। বেশির ভাগ গুঞ্জনের বিষয়ে প্রকাশ্যে মাথা না ঘামালেও এ যাত্রায় চুপ করে থাকেননি রোনালদোর সঙ্গী। আর্জেন্টাইন বংশোদ্ভুত এই স্প্যানিশ মডেল ক্ষোভই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে ‘আমি জর্জিনা’ সিরিজের দ্বিতীয় অংশ। এখানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রসঙ্গ সামনে এনেছেন জর্জিনা। সিরিজটি ঘিরে রোনাল্ডো–জর্জিনার মধ্যে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে ‘এল ফুতবোলেরো’। বলা হয়, দুজনের মধ্যে সবকিছু ‘ঠিকঠাক নেই’। 

এরপর স্প্যানিশ টিকটক তারকা অ্যাবেল প্লানেলেস একটি ঘটনা সামনে আনলে গুঞ্জন আরও ডালপালা ছড়ায়। অ্যাবেল জানান, কিছুদিন আগে ব্যক্তিগত বিমানে ওঠার সময় রোনাল্ডো–জর্জিনার মধ্যে তর্কাতর্কি হয়েছে। ঘটনার সময় আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ক্ষুব্ধ জর্জিনা নাকি সেদিন বিমানে কারও সঙ্গে কথাও বলেননি।

এসব নিয়ে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়ও। রোনাল্ডোর সঙ্গে ‘সুখী নন’ জর্জিনা—এমন খবর পছন্দ হয়নি জর্জিনার। মানুষের মধ্যে জল্পনাকল্পনা বাড়ুক, তা–ও চাননি। 

রোনাল্ডোর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জনকে উড়িয়ে দিতে তাই ইনস্টাগ্রামের দ্বারস্থ হয়েছেন জর্জিনা। রাতের আকাশের একটি ছবি পোস্ট করে, সঙ্গে গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। মার্কিন সংগীতশিল্পী রোমিও সান্তোসের ‘ইফ আই ডাই’ গান থেকে নেওয়া কথাগুলো এ রকম—পরশ্রীকাতরদের কাজ গুজব তৈরি করা, রটনাকারীরা সেটা ছড়িয়ে দেয় আর বোকারা সেটা বিশ্বাস করে।

ক্যাপশনে কারও নাম বা বিষয় উল্লেখ নেই। তবে কথাগুলো যে সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জনের জবাব, তা না বললেও চলে।



You might also like!