
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েক মিনিটের সাক্ষাতেই রাজামৌলিকে হলিউডে ছবি তৈরির প্রস্তাব দিয়েছেন ‘অবতার’, ‘টাইটানিক’ সিনেমার নেপথ্যের কারিগর কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন। বিদেশের মাটিতে একের পর এক সাফল্য ‘RRR’ সিনেমার। ইতিমধ্যেই ছবির ‘নাতু নাতু’ গান পেয়েছে গোল্ডেন গ্লোব, লস অ্যাঞ্জেলস ফিল্ম ক্রিটিকস পুরস্কার। অস্কারের জন্য দিন গোনাও শুরু হয়ে গিয়েছে। গোল্ডেন গ্লোবের মঞ্চে বহুদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে রাজামৌলির।
একবার নয়, দু’বার ‘RRR’ দেখেছেন ক্যামেরন। নিজের স্ত্রীকেও ডেকে সিনেমাটি দেখিয়েছেন। নিজেই সেকথা রাজামৌলি ও কিরাবনীকে জানিয়েছেন কিংবদন্তি পরিচালক। এমনকী, ‘নাতু নাতু’ গানটিও নাকি কিংবদন্তি হলিউড পরিচালকের বেশ পছন্দ। নিজের আইকনের কথা শুনে মুগ্ধ হয়ে যান রাজামৌলি। কিন্তু আসল সারপ্রাইজ ছিল ক্যামেরনের শেষ কথায়। “হলিউডে কখনও সিনেমা তৈরি করার ইচ্ছে থাকলে, আমার সঙ্গে কথা বলবেন”, একথাই যাওয়ার আগে বলে যান হলিউডের কিংবদন্তি পরিচালক।
