
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে সামনে এল বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। আগের ছবির তুলনায় এই পর্বে অ্যাকশন ও হিংসার মাত্রা আরও বেশি হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে প্রথম ঝলকেই।
ছবির প্রথম পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় খন্না-কে। তবে দ্বিতীয় কিস্তিতে গল্পের কেন্দ্রে উঠে এসেছেন রণবীর সিং। ট্রেলারের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে তাঁর তীব্র ও আগ্রাসী উপস্থিতি। এই ছবিতে জসকিরত সিংহ রঙ্গি নামে এক চরিত্র কীভাবে ‘হমজা’ হয়ে ওঠে, সেই পরিবর্তনের গল্পই মূলত তুলে ধরা হবে। গল্প অনুযায়ী, প্রথম ছবিতে রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে রণবীরের চরিত্র হমজা ‘শের-এ-বালোচ’ হিসেবে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করে। লিয়ারি অঞ্চলে আধিপত্য কায়েম করার পথে তার ক্রমশ আরও হিংস্র রূপ দর্শকদের সামনে আসবে। ট্রেলারে আরও দেখা মিলেছে আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদী-র মতো একাধিক পরিচিত অভিনেতার। এঁদের অনেকেই প্রথম ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন।

পরিচালক আদিত্য ধর -এর এই ছবি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে মুক্তি পাওয়া প্রথম পর্বটি বিতর্কে জড়ালেও বক্স অফিসে ভালো সাড়া পেয়েছিল। ফলে দ্বিতীয় পর্ব সেই সাফল্যের ধারাকে বজায় রাখতে পারে কি না, তা নিয়েই এখন আগ্রহ দর্শকমহলে। ট্রেলার শেয়ার করে নিজের সোশ্যাল মিডিয়ায় রণবীর লিখেছেন, “বলেছিলাম, এ বার বিষয়টা ব্যক্তিগত।” আর সেই মন্তব্য ঘিরেই ছবিকে নিয়ে আরও বাড়ছে কৌতূহল।
