Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Entertainment

5 days ago

Priyanka-Subhrajit Wedding: পড়ন্ত শীতের সন্ধ্যায় এক হলো চারহাত, ভালোবাসার বন্ধনে বাঁধা পড়লেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ

The newlyweds in their wedding attire
The newlyweds in their wedding attire

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টেলিপর্দা থেকে সোশাল মিডিয়া—সর্বত্রই যাঁদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো, সেই ছোটপর্দার পরিচিত মুখ প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা অবশেষে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার পড়ন্ত শীতের সন্ধ্যায় তাঁদের চারহাত এক হল। দীর্ঘদিনের বন্ধুত্ব, প্রেম আর বোঝাপড়ার পর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই ‘লাভিডাভি ডুয়ো’।  

গত এক মাস ধরে চলেছে তাঁদের বিয়ের আগের নানা অনুষ্ঠান। আইবুড়োভাত থেকে শুরু করে মেহেন্দি—প্রতিটি মুহূর্তই ধরা পড়েছে সোশাল মিডিয়ার পাতায়। কখনও হাসি-আড্ডা, কখনও পারিবারিক উষ্ণতা, আবার কখনও একান্ত ব্যক্তিগত ভালোবাসার প্রকাশ—সব মিলিয়ে অনুরাগীদের মন ভরিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কা-শুভ্রজিতের প্রি-ওয়েডিং মুহূর্তগুলি। মঙ্গলবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দু’জনে বসলেন বিয়ের পিঁড়িতে। 

যদিও নবদম্পতির নিজস্ব সোশাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ছবি খুব বেশি দেখা যায়নি, তবে আত্মীয়স্বজন ও আমন্ত্রিত অতিথিরা তাঁদের বিশেষ দিনের একাধিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন। সেই ছবিতেই প্রথম নজর কেড়েছে সিঁদুরে রাঙা প্রিয়াঙ্কার হাসি। সাবেকি বাঙালি সাজে একেবারে অন্যরকম লাবণ্য ধরা দিয়েছে অভিনেত্রীর মুখে। টুকটুকে লাল শাড়ি, ভারী সোনার গয়না, মাথায় শোলার মুকুট আর পরিমিত মেকআপে নববধূ প্রিয়াঙ্কাকে দেখাচ্ছিল এককথায় অনবদ্য। মুখে ছিল প্রশান্তি আর চোখে নতুন জীবনের স্বপ্ন। অন্যদিকে বর শুভ্রজিৎ সাহাও ছিলেন সমান আকর্ষণীয়। লাল সিল্কের পাঞ্জাবির সঙ্গে সাদা সিল্কের ধুতি, সাবেকি বাঙালি বরের সাজে তাঁকে বেশ মানিয়েছিল। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও স্টুডিওপাড়ার পরিচিত মুখদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বিয়ের আসর। ক্যামেরার ফ্ল্যাশের আড়ালেও স্পষ্ট ছিল দু’জনের গভীর বোঝাপড়া ও ভালবাসা। 


চলতি বিয়ের মরশুমে তারকাদের জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার খবর এমনিতেই আলোচনার কেন্দ্রে। এই বছর সেই তালিকায় একের পর এক নাম যোগ হচ্ছে। অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবর দিয়ে শুরু, তার পরে অদ্রিজা রায়ের বাগদান, আর এবার প্রিয়াঙ্কা-শুভ্রজিতের সামাজিক বিয়ে—সব মিলিয়ে টলিপাড়ায় খুশির আমেজ। উল্লেখযোগ্য বিষয় হল, প্রিয়াঙ্কা ইতিমধ্যেই মেহেন্দি থেকে বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ঝলক নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। শুভ্রজিতের নাম লেখা মেহেন্দির ছবিও বিয়ের আগের দিন ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। বন্ধুত্ব থেকেই যে তাঁদের প্রেমের শুরু, তা বহুদিন ধরেই অনুরাগীদের অজানা নয়। ২০২৪ সালে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। বছরের শুরুতেই ঘোষণা করেছিলেন, এ বছর সামাজিকভাবেও চারহাত এক করবেন। সেই প্রতিশ্রুতিই পূরণ হল ফেব্রুয়ারির শুরুতেই। বর্তমানে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে। অন্যদিকে শুভ্রজিৎ ‘নয়নতারা’ ও ‘রাখি বন্ধন’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। নতুন জীবনের পথে পা রাখা এই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাঁদের অগণিত অনুরাগী। 

You might also like!