
নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : প্রয়াত বিশিষ্ট চিত্রকর ললিতা লাজমী। ১৩ ফেব্রুয়ারি, সোমবার জীবনাবসান হয়েছে বিশিষ্ট চিত্রকরের। বলিউডের পঞ্চাশের দশকের অন্যতম খ্যাতনামা ও কিংবদন্তি পরিচালক গুরু দত্তের বোন ছিলেন তিনি। বলিউড অভিনেতা আমির খানের ‘তারে জ়মিন পর’ ছবিতে তাঁর গুরুর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ললিতা লাজমীকে। সেখানেও অতিথি শিল্পী হিসাবে এক চিত্রকরের চরিত্রেই দেখা গিয়েছিল তাঁকে। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ললিতা লাজমী। মৃত্যুকালে ৯০ বছর বয়স হয়েছিল তাঁর। বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হয়েছেন চিত্রকর, এমনটাই জানা যাচ্ছে।
কিংবদন্তি পরিচালক, প্রযোজক, অভিনেতা ও লেখক গুরু দত্তের বোন ছিলেন তিনি। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি এক অদ্ভুত টান ছিল তাঁর। শাস্ত্রীয় নৃত্যের প্রতি বরাবর কৌতূহল ছিল, মধ্যবিত্ত বাঙালি বাড়ির সন্তান হওয়ায় তথাকথিত তালিম পাননি। নিজের উৎসাহ থেকেই হাতে তুলে নিয়েছিলেন রং-তুলি। শিল্পীজীবনের পথচলার সূত্রপাত সেখান থেকেই।
