
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যাটরিনা কে দর্শক বরাবরই গ্ল্যামারাস অবতারে দেখে এসেছে , তবে এবার নায়িকা সেই পরিচিত গন্ডি ছাড়িয়ে এক অন্য স্বাদের ছবিতে অভিনয় করতে চলেছেন। এই প্রথম কোনও হরর কমেডি ছবিতে দর্শক ক্যাটরিনা কইফকে দেখতে পাবেন। আগামী মাসেই মুক্তি পাবে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’। সম্প্রতি ভূত নিয়ে তাঁর অনুভূতির কথা জানিয়েছেন নায়িকা।
তিনি বলেছেন, ‘‘সেই জগতে কারা রয়েছে বা কী ভাবে সেই জগৎটা কাজ করে তা আমরা জানি না।’’ রাতে ভূতের ছবি দেখলে তাঁর আর ঘুম আসে না বলেও জানিয়েছেন ক্যাটরিনা। তাঁর কথায়, ‘‘ভূতের ছবি দেখলে পরবর্তী দু-তিন দিন আমার ঘুমোতে অসুবিধা হয়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি।’’
অভিনেত্রীর কথায়, এই ছবিটা তো পুরোপুরি ভূতের ছবি নয়। এর মধ্যে কমেডিও মিশে রয়েছে। এই ধরনের ছবি দেখতে হলে আমার কোনও আপত্তি নেই।’’
‘ফোন ভূত’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে রয়েছেন ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ক্যাটরিনার শেষ ছবি ‘সূর্যবংশী’ বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল। এখন ‘ফোন ভূত’-এ ক্যাটরিনা সেই সাফল্য ধরে রাখতে পারেন কী না তাই এখন দেখার।
