Entertainment

3 years ago

Arijit Singh : রঙ বিতর্কে ইতি টেনে এবার রঙ মিলান্তি! অরিজিতের পাশে থাকার আশ্বাস মমতার

Mamata Banerjee - Arijit Singh
Mamata Banerjee - Arijit Singh

 

কলকাতা, ১৬ জানুয়ারি  : 'গেরুয়া বিতর্ক' উড়িয়ে এবার অরিজিৎ সিংয়ের পাশে দাঁড়ানর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে বক্তব্য রাখতে গিয়ে সঙ্গীতশিল্পীর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী, দিলেন তাঁর নতুন উদ্যোগে পাশে থাকার আশ্বাসও। অরিজিৎ মুর্শিদাবাদের ছেলে। আজ তাঁর জেলায় দাঁড়িয়েই পাশে দাঁড়ানোর কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ খুব ভাল গান করেন। আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছে দিদি, জঙ্গিপুরে আমি একটি হাসপাতাল করতে চাই। আজকে ওর জেলায় দাঁড়িয়েই আমি বলছি, তুমি হাসপাতাল কর, জঙ্গিপুরে কর বা মুর্শিদাবাদে, যা যা সাহায্য লাগে আমি দেব। অরিজিৎ মা মাটি মানুষের লোক। মাটিতে চলার লোক। দেখবেন, ওঁর কোনও অহংকার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহংকার, অলঙ্কার। এই ধরনের যা যা কাজ হবে আমরা করব।'

প্রসঙ্গত, কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে ‘রং দে তু মোহে গেরুয়া’ গান গেয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন  প্রখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং।গেরুয়া গানে রাজনীতির গন্ধ পেয়ে বেশ শোরগোল হয়, যদিও এখানেই শেষ নয়, কলকাতার নিউ টাউনের ইকো পার্কে অরিজিতের গানের অনুষ্ঠান বাতিল হয়। যা নিয়ে শাসকদল তৃণমূলকে কাঠগড়ায় তুলেই সোচ্চার হতে দেখা যায় বিজেপি নেতাদের একাংশকে।  

তবে অরিজিৎ নিজে এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও সময়েই কিছু বলেননি। আদতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা প্রখ্যাত এই সংগীতশিল্পী। সাফল্যের শিখর ছুঁয়েও অরিজিৎ কিন্তু মাটির মানুষ। এবার বাংলার জন্য কিছু করতে চান অরিজিৎ। নিজের জেলায় একটি হাসপাতাল তৈরি করতে চান অরিজিৎ সিং। সম্প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রীকে সেই ইচ্ছার কথাই জানিয়েছিলেন অরিজিৎ , সেই ইচ্ছাতে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। 


You might also like!