
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ফেসবুক পোস্টে সব্যসাচী চৌধুরী জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা। কিন্তু শনিবারই আবার আশঙ্কার খবর শোনা গেল হাসপাতাল সূত্রে। অতিসংকটজনক ঐন্দ্রিলা শর্মা। ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে দু’সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঐন্দ্রিলা। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে অভিনেত্রী। শুক্রবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত দু’দিনের তুলনায় অভিনেত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।
শনিবার হাসপাতাল সূত্রে যে খবর জানা গিয়েছে সেই অনুযায়ী, ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। এছাড়াও চলছে অ্যান্টিবায়োটিক। ঐন্দ্রিলার শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫। এটি সংজ্ঞাহীনতার পরিমাপ। যা সুস্থ ও সাধারণ মানুষের ক্ষেত্রে ১৫ থাকে। তবে ‘মিরাকল’-এর আশা ছাড়ছেন না ঐন্দ্রিলা শর্মার ছায়াসঙ্গী সব্যসাচী চৌধুরী। গোটা টলিউড একযোগে প্রার্থনা করছেন অভিনেত্রীর সুস্থতার জন্য।
