
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলা গানের জগতে পরিচিত মুখ অঙ্কিতা ভট্টাচার্য। সারেগামাপা-এর মঞ্চ থেকে জনপ্রিয়তা পাওয়া এই শিল্পীর কণ্ঠে মুগ্ধ অসংখ্য শ্রোতা। গানের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। সম্প্রতি দোল উৎসবের দিন প্রেমিক উজান মণ্ডলের সঙ্গে রঙ খেলায় মেতে উঠে সেই সম্পর্ককেই আরও প্রকাশ্যে আনলেন গায়িকা। দোলের আবহে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন অঙ্কিতা। সেখানে দেখা যায়, লাল, হলুদ, বেগুনি ও সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছেন তিনি ও তাঁর প্রেমিক উজান মন্ডল। ছবিগুলিতে তাঁদের হাসিমুখ আর ঘনিষ্ঠ মুহূর্ত যেন বলে দিচ্ছে—এই বসন্ত তাঁদের জীবনে বিশেষ হয়ে উঠেছে।
উজান পেশায় একজন ড্রামার এবং অঙ্কিতার মিউজিক ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। মঞ্চে ড্রামের তালে অঙ্কিতার গানের সঙ্গ দেন তিনি। সেই মঞ্চের সঙ্গীই ধীরে ধীরে জীবনের সঙ্গী হয়ে উঠেছেন। গায়িকা নিজেই বহুবার সোশ্যাল মিডিয়ায় উজানের তোলা ছবি শেয়ার করে তাঁকে ‘ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন। শুধু দোল নয়, বিশেষ দিনগুলোতেও একে অপরকে চমকে দিতে দেখা যায় এই জুটিকে। গত বড়দিনে উজান অঙ্কিতাকে গিটার, লাল গোলাপ, চকোলেট এবং পছন্দের কানের দুল উপহার দিয়েছিলেন। সেই মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন গায়িকা।

জি বাংলার সারেগামাপা জয়ের পর থেকেই অঙ্কিতার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। বর্তমানে তিনি প্লেব্যাক এবং বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি গ্র্যাজুয়েশনের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। একসময় গায়ক রাহুল দত্তর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, সেই অধ্যায় এখন অতীত। বর্তমানে অঙ্কিতার জীবনের সুর যেন উজানকেই ঘিরে। দোলের দিনে সাদা পোশাকে রঙে রঙিন হয়ে তোলা এই ছবিগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই জুটিকে। অনেকেই মন্তব্য করেছেন—সঙ্গীত জগতের এই মিষ্টি জুটি যেন এভাবেই ভালোবাসা আর রঙে পরিপূর্ণ থাকে।
