
চেন্নাই, ৩১ অক্টোবর : তামিলনাড়ুর থেনি জেলা সংশোধনাগারের প্রাচীর টপকে একযোগে ১৭ জন বন্দি পালানোর ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। চরম প্রশাসনিক ব্যর্থতা এবং নিরাপত্তা গাফিলতির অভিযোগে থেনির ডেপুটি জেল সুপারিনটেনডেন্ট এন রামালিঙ্গমকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ওই পদে কর্মরত ছিলেন।
পাশাপাশি, ঘটনার সময় দায়িত্বে থাকা জেলর-সহ মোট ১৭ জন কারাকর্মীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধনাগার ভেঙে এত বিপুল সংখ্যক বন্দি পালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি সংশোধনাগারে যাতে কোনও ধরনের ফাঁকফোকর না থাকে, সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা এবং আধুনিক নজরদারি ব্যবস্থা জোরদার করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
