
নয়াদিল্লি, ৩১ অক্টোবর : দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে দিল্লির ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্মৃতিসৌধে উপস্থিত হয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মত্যাগ ও অবদানকে স্মরণ করেন।
প্রয়াত প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও দেশের অখণ্ডতা রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ দলের বহু সাংসদ ও শীর্ষ নেতা। এই উপলক্ষে আয়োজিত প্রার্থনাসভায় সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধীর স্মৃতি ও আদর্শকে স্মরণ করা হয়।
