
নয়াদিল্লি, ৭ জানুয়ারি : ভয়ানক ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছেছে, কোথাও আবার হিমাঙ্কের কাছাকাছি। উত্তর ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার দাপট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ট্রেন, বাস, বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি, অন্য দিকে, রাজস্থানের বহু জায়গায় শূন্যে নেমে গিয়েছে তাপমাত্রা। মাউন্ট আবুতে তো তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের ৬ ডিগ্রি নীচে।
শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ পালমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে, সফদরজং-এর তাপমাত্রা ২ ডিগ্রিতে নেমেছে। দিল্লি রিজ এবং লোধি রোডে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১.৫ এবং ২ ডিগ্রি সেলসিয়াস।
পালমে শনিবার দৃশ্যমানতা ছিল ৫০ মিটারের নীচে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে গিয়েছিল ২৫ মিটার। ফলে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। ৩৪টি অভ্যন্তরীণ (ডোমেস্টিক) উড়ান দেরিতে ছেড়েছে। আবার ১২টি বিমান দেরিতে নেমেছে বিমানবন্দরে। কুয়াশার কারণে উত্তর রেলের ৩২টি ট্রেন দেরিতে চলছে।
