
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : রাহুল গান্ধীকে সামনে রেখে দেশ জুড়ে চলছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। আগামী ৩ জানুয়ারি উত্তরপ্রদেশে পৌঁছাবে এই যাত্রা। ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। এবার আমন্ত্রণপত্র পৌঁছাল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানের কাছে। আমন্ত্রণের জবাবও দিয়েছে বিজেপি।
বিজেপির জেলা সভাপতি দুর্গেশ ত্রিপাঠী জানিয়েছেন, “বিজেপি বরাবরই ঐক্যবদ্ধ ভারতের ধারণাকে নিয়েই কাজ করে এসেছে। যেখানে আদৌ ভারত ভেঙে যায়নি, সেখানে তাকে জোড়ার কথা আসছে কেন। আসলে এই যাত্রার উদ্দেশ্যই মৃতপ্রায় কংগ্রেস পার্টিকে নতুন করে অক্সিজেন দেওয়া। এটারই নাম ওরা দিয়েছে ভারত জোড়ো যাত্রা।”
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। ১০০ দিন পেরিয়ে গিয়েছে এই যাত্রা। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থান, হরিয়ানা, দিল্লিতে এখনও পর্যন্ত এই পদযাত্রা করেছে কংগ্রেস। এবার উত্তরপ্রদেশে পা রাখতে চলেছে এই যাত্রা।
