
কাংড়া, ২৪ ফেব্রুয়ারি : লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করলেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তাঁর অভিযোগ, রাহুল গান্ধী দেশবিরোধী শক্তির মুখপাত্র হয়ে উঠেছেন। মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশের কাংড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "রাহুল গান্ধী দেশবিরোধী শক্তির মুখপাত্র হয়ে উঠেছেন। তিনি ভারত-বিরোধী এজেন্ডা পরিচালনা করেন, নেতিবাচক রাজনীতি প্রচার করেন এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।" অনুরাগ আরও বলেন, "এখন তাঁর একমাত্র কাজ হল মিথ্যা বলা, বিভ্রান্তি তৈরি করা, ভারতকে অপমান করা এবং মোদী-বিরোধী রাজনীতি করা। যখন ভারতের অর্থনীতি দ্রুততম সময়ে বৃদ্ধি পাচ্ছে, তখন তিনি এটিকে 'মৃত অর্থনীতি' বলে অভিহিত করেন।"
