
নয়াদিল্লি, ১৫ জুন : দিল্লি-সহ দেশের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, ২০ জুন পর্যন্ত দিল্লি, পূর্ব রাজস্থান, হরিয়ানা-চণ্ডীগড় ও পঞ্জাব এবং পশ্চিম উত্তর প্রদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ডেও এই সময়ে বৃষ্টি প্রত্যাশিত।
মধ্য ভারতের ক্ষেত্রে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ ও পশ্চিম মধ্যপ্রদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আইএমডি আরও জানিয়েছে, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়াতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার আগামী তিন থেকে চার দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরলম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে।
