
নয়াদিল্লি, ২০ মার্চ : শুক্রবার সকাল থেকে দিল্লিতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লির আবহাওয়ায় পরিবর্তন হয়েছে। শুক্রবার সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন আকাশ সাধারণত মেঘলা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে দুই দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির জন্য তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রি কমেছে।
মৌসম ভবন জানিয়েছে, জাতীয় রাজধানী ছাড়াও দেশের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর প্রদেশের পশ্চিম অংশ এবং পঞ্জাবের বেশ কিছু অংশে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এতে ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের গুলমার্গ এবং সোনমার্গের মতো উঁচু এলাকাগুলিতে ভারী তুষারপাত হয়েছে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি, রোটাং এবং কুল্লুতে নতুন করে তুষারপাতের কারণে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। বিহারে এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বাতাস বইতে পারে। ছত্তিশগড়ের কিছু স্থানে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারত, তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকের বেশ কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া গুজরাট, ছত্তিশগড়, ওড়িশা, বিদর্ভ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
