
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর : হাড় কাঁপানো শীতে জবুথবু সমগ্র উত্তর ভারত। ঘন কুয়াশায় মুড়েছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরাখণ্ড। উত্তর প্রদেশ, বিহারেও একই অবস্থা। বইছে কনকনে ঠাণ্ডা হাওয়া। দিল্লির পালামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। শীতের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে এদিন ঢাকা ছিল রাজধানী দিল্লি।
প্রবল ঠাণ্ডা ও শৈত্য প্রবাহের জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েক দিন এই সতর্কতা জারি থাকবে। আইএমডি জানাচ্ছে, আপাতত তীব্র শৈত্যপ্রবাহ চলবে দিল্লি, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানায়। কনকনে ঠান্ডার জন্য বিহার, উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি পড়ে গিয়েছে। ঘন কুয়াশার কারণে বিহারে এদিন বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। পাটনা স্টেশনে ভোর থেকে দীর্ঘ সময়ের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। পাটনা রেল স্টেশনের আধিকারিক বাবলু কুমার বলেছেন, "কুয়াশার কারণে প্রায় ৫-৬টি ট্রেন ৪-৫ ঘন্টা দেরিতে চলছে। ৫টি ট্রেন বাতিল করা হয়েছে।" রাজস্থানের চুরুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস, আগের দিনই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.০ ডিগ্রি সেলসিয়াস।
