
জয়পুর, ১৭ জুন : বীর শিরোমণি মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। বুধবার মুখ্যমন্ত্রী আবাসে আয়োজিত এক অনুষ্ঠানে মহারানা প্রতাপের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। সেই সঙ্গে এই বিশেষ পুণ্য তিথিতে সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, বীর শিরোমণি মহারানা প্রতাপ ছিলেন এক মহান যোদ্ধা, পরম স্বাভিমানী এবং স্বাধীনতা অনুরাগী। সত্য, ধর্ম এবং রাষ্ট্রহিতের পথে অবিচল থেকে তিনি মাতৃভূমির রক্ষা এবং আত্মগৌরবের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করেছিলেন। তাঁর সমগ্র জীবন সাহস, ত্যাগ, স্বাভিমান এবং দেশভক্তির এক অনন্য ও অনুপম উদাহরণ।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মহারানা প্রতাপের আদর্শ এবং তাঁর জীবনসংগ্রাম আজও সমস্ত দেশবাসীকে দেশের স্বার্থে কাজ করতে এবং সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রাণিত করে। দেশের ও রাজ্যের প্রগতির স্বার্থে মহারানা প্রতাপের সেই মহান আদর্শকে নিজেদের জীবনে চলার পথে পাথেয় করার এবং দেশসেবায় নিয়োজিত হওয়ার জন্য তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান।
