
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : দীর্ঘ লুকোচুরি শেষ, পুলিশের জালে ধরা পড়ল বিহারে বিষমদকাণ্ডের মূল চক্রী রাম বাবু মাহতো। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা রাম বাবুকে গ্রেফতার করেছে। বিহারে বিষমদকাণ্ডের মূল চক্রী ছিল এই রাম বাবুই। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা শনিবার জানিয়েছে, বিহারের সরণ জেলার মাশরাক থানা এবং ইসুয়াপুর থানায় নথিভুক্ত দু'টি মামলায় মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মধ্যে একজন রাম বাবু মাহতো। ভেজাল মদ বিক্রি ও সেবন সংক্রান্ত এই মর্মান্তিক ঘটনায় প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে।
দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আরও জানিয়েছে, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাম বাবু বেআইনি মদের একাধিক মামলায় জড়িত। দিল্লির দ্বারকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে গ্রেফতারের বিষয়ে বিহার পুলিশকে জানানো হয়েছে। রাম বাবু মাহতো গ্রেফতারির ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, "সরকার কড়া নজর রাখছে। ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। বেশিরভাগ মানুষ মদ নিষিদ্ধের পক্ষে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
