
নয়াদিল্লি, ৪ নভেম্বর : উত্তর ভারতকে দূষণ থেকে বাঁচাতে হবে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে ও পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে এই অনুরোধ জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, দূষণ সমগ্র উত্তর ভারতের সমস্যা। দিল্লির বাতাস যতটা খারাপ, উত্তর প্রদেশ, হরিয়ানা, বিহার ও রাজস্থানের শহরেও একই রকম খারাপ বাতাস। আম আদমি পার্টি একা এ জন্য দায়ী নয়। কেন্দ্রকে এগিয়ে আসতে হবে এবং পদক্ষেপ নিতে হবে, যাতে উত্তর ভারতকে দূষণ থেকে বাঁচানো যায়।
এদিন দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে দূষণের প্রেক্ষিতে যৌথ সাংবাদিক সম্মেলনে করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কেজরিওয়াল এদিন বলেছেন, দোষারোপের খেলা, রাজনীতি থেকে কোনও সমাধান মিলবে না- পঞ্জাবে খড় জ্বলছে, কৃষকরা দায়ী নয়, আমরা দায়ী। আমরা মাত্র ৬ মাস সময় পেয়েছি-অনেক পদক্ষেপ নিয়েছি, কিছু সফলতাও পেয়েছি। আমি আশা করি নিরন্তর প্রচেষ্টায় আগামী বছরের মধ্যে খড় পোড়ানোর ঘটনা অনেকাংশে কমে আসবে। কেজরিওয়াল বলেছেন, খড় পোড়ানোর সমস্যা দূর করতে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। ১,২০,০০০ মেশিন, মেশিনের উপলভ্যতার জন্য অ্যাপ তৈরি করা হয়েছে, বায়ো এনার্জি প্ল্যান্ট লাগানো হয়েছে, ৯৩-১২০টি গ্রামের গ্রামসভা খড় না পোড়ানোর একটি প্রস্তাব পাস করেছে।
