আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলিতে মোদি, ৭৫ পড়ুয়ার সঙ্গে বিশেষ মতবিনিময়

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পালাবদলের পর ফের পশ্চিমবঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে আইআইটি খড়গপুরের উদ্দেশে রওনা দেন তিনি। দেশের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সফর। খারাপ আবহাওয়ার কারণে যাত্রাপথে কিছুটা পরিবর্তন আনতে হলেও নির্ধারিত সময়েই খড়গপুরে পৌঁছে যান মোদি। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। অন্যদিকে, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরে পৌঁছে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে সরাসরি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে নানা বিষয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যতের পথচলা নিয়েও প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। এরপর আইআইটি খড়গপুরের ক্যাম্পাস ঘুরে দেখেন মোদি। 

কলাইকুণ্ডায় অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে চেপে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে অবতরণ করার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে তিনি আইআইটিতে পৌঁছন। এই আইআইটি-তেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স। সেই চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতা করেন মোদি। তাঁদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে আইআইটির ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের তরফে একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। তারপর প্রধানমন্ত্রী মোদির ভাষণ। ১১টায় আইআইটি খড়গপুরের অনুষ্ঠান শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। গোটা অনুষ্ঠানের সূচি জানিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। এর আগে ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কারণ হিসেবে শোনা গিয়েছিল মেট্রো প্রকল্প উদ্বোধনের কথা। কিন্তু পরে জানা যায় তিনি আইআইটি খড়পুরের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…