
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লিগের সাম্প্রতিক হামলা ও নাশকতার আশঙ্কা ঘিরে নিরাপত্তা জোরদার করল তারেক রহমানের সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের আটটি জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রয়েছে রাজধানী ঢাকা ও গোপালগঞ্জ। উল্লেখ্য, এক একটি প্লাটুনে সাধারণত ৩০ থেকে ৪০ জন জওয়ান থাকেন। ফলে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
হাসিনা প্রত্যাবর্তনের আগে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ, বিশেষত গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলার যেভাবে অবনতি হচ্ছে, তাতে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। দিকে দিকে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। শুক্রবার গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে জেলায় গিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহম্মদ আলি হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক। এই পরিস্থিতিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন সেনা।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা করেছেন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও আওয়ামি লিগের কর্মসূচি চলছে। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, বাসে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটছে। গত কয়েকদিনে গোপালগঞ্জের তিন থানায় আগুন দেওয়ার ঘটনা সামনে এসেছে। হাসপাতালেও হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া তারেক সরকার এবার বিপুল পরিমাণে সেনা মোতায়েনের মতো পদক্ষেপ করল।
