
হরিদ্বার, ২১ নভেম্বর : অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের প্রতিষ্ঠাতা মাতা ভগবতী দেবী শর্মার জন্মশতবর্ষ এবং ঐতিহাসিক ‘অখণ্ড দীপ' প্রজ্বলনের ১০০ বছর পূর্তি উপলক্ষে উত্তরাখণ্ডের হরিদ্বারে শান্তিকুঞ্জ এবং দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় চত্বরে দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত।
শনিবার সকালে এই বর্ণাঢ্য ও আধ্যাত্মিক অনুষ্ঠানের সূচনা হয়। দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ডঃ চিন্ময় পান্ডিয়া জানিয়েছেন, এই দুই দিনব্যাপী (২১ ও ২২ নভেম্বর) ঐতিহাসিক আয়োজনে বিশ্বের ৪০টি দেশ থেকে প্রায় ২৪ হাজার ভক্ত ও প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানসূচি অনুযায়ী, প্রথম দিনে মোহন ভাগবতের উপস্থিতিতে মাতা ভগবতী দেবী শর্মার স্মৃতিতে একটি বিশেষ ডাকটিকিট প্রকাশ করা হয় এবং সামাজিক সম্প্রীতির ওপর বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় চত্বরে ২৪ হাজার প্রদীপ প্রজ্বলনের এক বিশেষ আয়োজন রাখা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ভারতীয় ও সনাতন সংস্কৃতি নিয়ে আলোচনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এবং সমাপনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিত থাকার কথা রয়েছে। আধ্যাত্মিক ও বৌদ্ধিক জাগরণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, নেশামুক্ত ভারত এবং যুবসমাজের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতেই এই শতবর্ষ উৎসবের আয়োজন করা হয়েছে।
