
মান্ড্য, ৩০ ডিসেম্বর : জনতা দল (সেক্যুলার) ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার কর্ণাটকের মান্ড্যতে একটি জনসভা থেকে জেডিএস ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ বলেছেন, মোদীজির নেতৃত্বে এই রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দেব আমরা। জেডিএস এবং কংগ্রেস, উভয়ই দুর্নীতিগ্রস্ত, অপরাধী এবং সাম্প্রদায়িক।
অমিত শাহ বলেছেন, "আমরা জেডিএস-এর পাশাপাশি কংগ্রেসের শাসন দেখেছি। কংগ্রেস শাসনের অধীনে, কর্ণাটক দিল্লির জন্য এটিএম হয়ে উঠেছিল এবং জেডিএস শাসনের অধীনে কর্ণাটক একটি পরিবারের জন্য এটিএম হয়ে উঠেছিল। দুর্নীতির জন্য উন্নয়নে বাধা দিয়েছে দুই দল।" অমিত শাহ বলেছেন, কংগ্রেসের এত বছরের শাসনে দলিত ও আদিবাসী সম্প্রদায়ের প্রতি সর্বদাই অবিচার করা হয়েছে। আমরা দু''জন রাষ্ট্রপতি করার সুযোগ পেয়েছি, প্রথমে দলিত সন্তানকে রাষ্ট্রপতি করা হয়েছে, এরপর জনজাতীয় মহিলাকে ভারতের রাষ্ট্রপতি করা হয়েছে।
অমিত শাহ আরও বলেছেন, আপনাদের সকলকে ২০২৪ সালের জানুয়ারি মাসে অযোধ্যার জন্য রিজার্ভেশন করার অনুরোধ করছি আমি। ততদিনে অযোধ্যায় বহুল আকাঙ্খিত রাম মন্দির নির্মাণের কাজ শেষ হবে। দুঃখের বিষয় হল, কংগ্রেস সরকার কয়েক দশক ধরে এটিকে আইনি শৃঙ্খলে আটকে রেখেছিল। অযোধ্যায় রামমন্দির হতে দিতে চাইনি কংগ্রেস, তাঁরা সবসময় বিষয়টি আদালতে আটকে রেখেছে। মোদীজি ২০১৯ সালে রাম জন্মভূমির শিলান্যাস করেছিলেন, ২০২৪ সালের জানুয়ারির মধ্যে অযোধ্যায় বিশাল রাম মন্দির তৈরি হবে।
