
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাওয়াং-এ ভারত ও চীনা সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ নিয়ে বুধবারও সরগরম রইল সংসদ। সংসদে এ নিয়ে আলোচনার দাবি জানায় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। কিন্তু বিরোধীদের সেই দাবি নাকচ করে দেওয়া হয়। দাবি নাকচ হয়ে যাওয়ার পর বুধবার সংসদের দুই কক্ষ থেকেই বেরিয়ে যান কংগ্রেসের সাংসদরা। তাঁদের অনুসরণ করেন তৃণমূল, ডিএমকে, এনসিপি-সহ অন্য বিরোধী দলের সাংসদরাও।
বুধবার সংসদে খড়্গে জানান, চিন তার আগ্রাসী নীতি নিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। বিরোধীরা চান সংসদে এ নিয়ে বিতর্ক হোক। সরকার তাঁর অবস্থান স্পষ্ট করুক। কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জানান, বিতর্কের জন্য বিরোধীদের তরফে তিনি কোনও নোটিস পাননি। তাই বিরোধীদের দাবি মানা সম্ভব নয়। লোকসভার স্পিকার ওম বিড়লাও ‘জ়িরো আওয়ারে’ বিরোধীদের সংসদে থেকে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু লোকসভায় সনিয়া গান্ধী এবং অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে এবং রাজ্যসভায় খড়্গের নেতৃত্বে বিরোধী সাংসদরা ‘ওয়াক আউট’ করেন।
প্রসঙ্গত, গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সংসদের দুই কক্ষেই সরকার পক্ষের ৎরফ থেকে তাওয়াং প্রসঙ্গে বিবৃতি পেশ করেছেন।
