Yamuna cleanliness Drive: যমুনা স্বচ্ছতা অভিযানে শামিল রেখা গুপ্তা ও জ্যাকি শ্রফ, দিলেন যৌথ দায়িত্ববোধের বার্তা

Rekha Gupta, Jackie Shroff lead Yamuna cleanliness drive
Rekha Gupta, Jackie Shroff lead Yamuna cleanliness drive

 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর : রাজধানী দিল্লিকে দূষণমুক্ত ও সবুজ করে তুলতে এবং যমুনা নদীর পরিচ্ছন্নতা রক্ষায় বৃহস্পতিবার শালিমার বাগের মুনক নহর ঘাটে আয়োজিত ‘যমুনা স্বচ্ছতা অভিযান’-এ অংশ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এদিনের এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মেলালেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং জনপ্রিয় সংগীতশিল্পী বিসমিল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও স্কুলপড়ুয়ারা। অভিযানে যোগ দিয়ে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা দিয়ে অভিনেতা জ্যাকি শ্রফ বলেন, "দিল্লি আমাদের; তাই এই শহরকে পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব।"

অন্যদিকে, নাগরিকদের সচেতনতার ওপর জোর দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, "এই উদ্যোগ কেবল মুনক খালের জন্য নয়; এটি সমগ্র দিল্লি এবং আমাদের মা যমুনার বিষয়। এটি শহরকে পরিচ্ছন্ন ও সবুজ করে তোলার প্রচেষ্টা। যেহেতু দিল্লি আমাদের, তাই একে রক্ষা করা আমাদের যৌথ দায়িত্ব। আমরা যখন আমাদের বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত উৎসবগুলি জাঁকজমকের সঙ্গে উদযাপন করি, তখন অনুষ্ঠান শেষ হওয়ার পর শহর এবং উৎসবস্থল পরিষ্কার করাও আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায়।"

সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অভিযানকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, "সরকার অবশ্যই তার নিজের দায়িত্ব পালন করবে, তবে জনগণের অংশগ্রহণ এই প্রচেষ্টায় উল্লেখযোগ্য গতি ও শক্তি যোগায়, যা শহরকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। বহু স্কুলপড়ুয়া আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং বিভিন্ন তারকারাও এখানে উপস্থিত রয়েছেন— সকলেই এই বার্তা দিচ্ছেন যে, একজোট হয়ে কাজ করলে আমরা এই শহর এবং এই দেশকে সবুজ ও নির্মল করে তুলতে পারব।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…