
নয়াদিল্লি, ১৯ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে বৃহস্পতিবার নয়াদিল্লির ডিআরডিও ভবনে ষষ্ঠ বার্ষিক ‘সন্ত্রাসবিরোধী সম্মেলন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজিত এই দু’দিনের উচ্চপর্যায়ের সম্মেলনে দেশজুড়ে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর রূপরেখা তৈরি করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দু’দিনের এই সম্মেলনে বিদেশি বিচারব্যবস্থা বা অন্য দেশ থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ, সন্ত্রাসবিরোধী তদন্তে ডিজিটাল ফরেনসিক ও ডেটা অ্যানালিসিসের প্রয়োগ, মামলার বিচার প্রক্রিয়ার কার্যকর পরিচালনা, মৌলবাদ রুখে দেওয়া এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদীয়মান হাইব্রিড হুমকির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এছাড়াও, সন্ত্রাসে অর্থ জোগানের নেটওয়ার্ক ধ্বংস করার আধুনিক কৌশল, সামুদ্রিক সন্ত্রাসবাদ এবং ভবিষ্যৎ-উপযোগী সন্ত্রাসদমন রণনীতি গড়ে তোলার ওপরও বিশেষ আলোকপাত করা হচ্ছে। এবারের সম্মেলনের অংশ হিসেবে রাজ্য পুলিশ কর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের জন্য একটি বিশেষ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে, যেখানে সন্ত্রাসবাদ সংক্রান্ত তদন্তে নতুন ফৌজদারি আইনের প্রয়োগ, আদালতে ডিজিটাল প্রমাণের ব্যবহার এবং সাক্ষী সুরক্ষার মতো বিষয়গুলিতে প্রশিক্ষণ দেওয়া হবে। সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় তদন্তকারী ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি আইন, ফরেনসিক এবং প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন।
