
বেলাগাভি, ৫ জানুয়ারি : কর্ণাটকের বেলাগাভি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন পুণ্যার্থী, এছাড়াও কয়েকজন আহত হয়েছেন। মৃত ৬ জনের মধ্যে ৩ জনই মহিলা। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে বেলাগাভি জেলার চিনচানুর এলাকায়। মৃতদের বাড়ি বেলাগাভি জেলার হুলকুন্দ গ্রামে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বেলাগাভি জেলার চিনচানুর এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, বেলাগাভি জেলার রামদুর্গ তালুকের হুলকুন্দ গ্রামের কয়েকজন বাসিন্দা সাভাদত্তির রেণুকা ইয়াল্লাম্মা মন্দিরে যাচ্ছিলেন, তখন দুর্ঘটনাটি ঘটে।
